এখন সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আজ সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার, আজ সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।” রোববার নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ২৪ বছর পর জেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তারেক রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত ১৬ বছর সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। খুনি হাসিনা ক্ষমতা ধরে রাখতে শত শত নয়, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ছাত্র-জনতা ও দেশের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
তিনি আরও বলেন, “এখন সময় এসেছে ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।”
তারেক রহমান বলেন, “আজকের এ সম্মেলনের মাধ্যমে আমরা যে রকমভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি, একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্রকে, রাষ্ট্রকাঠামোকে আমাদের মেরামত করতে হবে। আগামী দিনে কারা দেশকে নেতৃত্ব দেবে, তা বাছাই করার সময় এসেছে।”
তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের বিচারব্যবস্থা, পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, কৃষি, অর্থনীতি, উন্নয়ন, এমনকি নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছেন শেখ হাসিনা। নির্বাচনের নামে ২০১৪, ’১৮ ও ’২৪ সালে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে হয়তো ততটুকু করতে পারিনি। কিন্তু তারপরও যেটুকু করেছি, তা আপনার প্রিয় দল বিএনপিই করেছে।”
তিনি আরও বলেন, “দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিল্প, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্র পুনর্গঠন করতে হবে যাতে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি, একইভাবে আসুন, তৃতীয় আরেকটি প্রতিজ্ঞা করি-যে কোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করব এবং ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব।”
নির্বাচন ফলাফল:
নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মো. জুলফিকার আলী পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী ২৬৩ ভোট পেয়েছেন।
দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে