পাসপোর্ট ইস্যুতে পুলিশ ভেরিফিকেশন বাতিল: সরকারের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
দেশের নাগরিকদের পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন পাসপোর্টের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে একইভাবে পাসপোর্ট ইস্যু করা হবে। পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের মৌলিক তথ্য পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নতুন পাসপোর্ট দেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের মূল কারণ নাগরিকদের ভোগান্তি কমানো এবং দ্রুততম সময়ে পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করা। এতদিন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে ইতিবাচক পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হতো, যা প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করত। পুলিশের ভেরিফিকেশন রিপোর্ট পেতে দেরি হওয়া, অনাবশ্যক কাগজপত্র যাচাই, এবং প্রশাসনিক জটিলতার কারণে আবেদনকারীরা নানা দুর্ভোগের শিকার হতেন। নতুন নিয়ম চালুর ফলে এই সমস্যাগুলো দূর হবে এবং আবেদনকারীরা সহজেই নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাসপোর্ট হাতে পাবেন।
রোববার ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।” তিনি জানান, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাদ দেওয়ার মাধ্যমে জনগণ দ্রুততম সময়ের মধ্যে তাদের পাসপোর্ট পেতে পারবেন। সরকারি সূত্র জানায়, জনভোগান্তি লাঘবে পাসপোর্ট সেবা সহজ করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে অনলাইনভিত্তিক তথ্য যাচাই ও সহজতর নীতিমালা প্রণয়ন অন্যতম।
সরকারের এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে, যা বিশেষ করে বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসবে।