যুবসমাজের সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের প্রতিরক্ষায় যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের কার্য-অধিবেশনে তারা এ প্রস্তাব দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ জানান, ডিসিরা সিভিল ও সামরিক বাহিনীর সমন্বয় বাড়ানো এবং বিভাগীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের সামরিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ চালুর বিষয়ে মত দিয়েছেন। পাশাপাশি, যুবসমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং চালুর প্রস্তাব এসেছে, যাতে তারা সামরিক প্রশিক্ষণ নিয়ে দেশের প্রতিরক্ষায় ভূমিকা রাখতে পারেন।
এ বিষয়ে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জানিয়েছেন, আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক উপজেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি আরও ব্যাপকভাবে চালু করা সম্ভব কি না, তা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নির্দেশনা পেলে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
এছাড়া, কয়েকটি জেলায় সন্ত্রাস দমনে বিশেষ অভিযানের প্রয়োজনীয়তার কথা বলেছেন ডিসিরা। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কার্যক্রমের কারণে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবসমাজ বেকার হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে চলমান সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।