পিসিবির লাভের জন্য ভিআইপি বক্সের টিকিট ছাড়লেন চেয়ারম্যান মহসিন নাকভি
দিগন্ত জার্নাল ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের আর্থিক লাভের কথা বিবেচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের ভিআইপি বক্সের টিকিট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই টিকিটের মূল্য ৪ লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা), যা বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে বিশেষ আসনের পরিবর্তে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই ম্যাচ উপভোগ করবেন নাকভি।
পাকিস্তানের এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাইয়ে আয়োজিত ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নাকভি ও তার পরিবারের জন্য ভিআইপি বক্সের টিকিট অফার করা হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে নাকভি জানান, পিসিবির স্টেডিয়াম সংস্কারের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, যা টিকিট বিক্রি ও অন্যান্য খাত থেকে আসা আয় দিয়ে বহন করা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও আয়োজক সংকট
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর এড়িয়ে যাওয়ায় রোহিত শর্মাদের সব ম্যাচ আয়োজন করা হবে দুবাইতে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘এ’-তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে।