এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা পেছালো
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপঞ্জি পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের হাতে বই দিতে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনি এবং নির্বাচনি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ২৪ জুন থেকে প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর ১৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নির্বাচনি পরীক্ষা, তা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার জানান, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শিক্ষাবর্ষের কার্যক্রম সচল রাখা যায়।
এছাড়া, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা হবে এবং তার ফলাফল প্রকাশ হবে ২৭ জুলাই। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।