কুয়েটের সংঘর্ষ ও ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
দিগন্ত জার্নাল ডেস্ক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। মঙ্গলবার দুপুর থেকে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাবির রাজু ভাস্কর্যের কাছাকাছি ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্রদলের কর্মীরা এই বিক্ষোভ করে। একই সময়ে রাজু ভাস্কর্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য ফরম বিতরণ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং ‘রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়ার পর ছাত্রদল সমর্থিতদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন এবং সংঘর্ষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে ছাত্রদল দাবি করে, কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা এই হামলার জন্য গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীকে দায়ী করে।
কুয়েটের এই ঘটনার জেরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।