ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামোর চিন্তা করছে সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক:
সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত ও ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো চালুর পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের একাদশ অধিবেশন শেষে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
তিনি বলেন, “আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ তৈরির কাজ শুরু করেছি। সেই নীতিমালার ভিত্তিতে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি পে-স্কেল চালু করা যায় কিনা, তা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।”
দেবোত্তর ও ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার অভিযান
ধর্ম উপদেষ্টা আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় অনেক দেবোত্তর সম্পত্তি ও ওয়াক্ফ স্টেটের সম্পত্তি বেহাত হয়ে গেছে, যা দখলদারদের কাছ থেকে উদ্ধারের কাজ চলছে। তিনি বলেন, “মতিঝিলে একটি দেবোত্তর সম্পত্তি উদ্ধার করা হয়েছে, যেখানে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করা হবে।”
তিনি আরও জানান, “জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেলে তারা যেন দ্রুত বাস্তবায়ন করেন।”
নতুন ২১৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা
সরকার এরই মধ্যে সাড়ে ৩০০টি মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মাণ সম্পন্ন করেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “উপজেলা পর্যায়ে আরও ২১৪টি নতুন মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে।”