নাইকো দুর্নীতি মামলায় রায় আজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।
এর আগে ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।
দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে খালাসের আবেদন করেন।
মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০০৭ সালে দুদক মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ৫ মে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে খালেদা জিয়াসহ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার একটি কোম্পানিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন, এতে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি হয়েছে।
এ মামলার আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।