বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির - দিগন্ত জার্নাল

বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ইতালির দৃঢ় সমর্থনের কথা জানান এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে ইতালির আরও বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার— বিশেষ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)— বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি এই খাতের আধুনিকায়নে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

an adbox will go here