উত্তরায় দম্পতিকে কোপানোর মূলহোতা যুবলীগ কর্মী সাইফ গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

উত্তরায় দম্পতিকে কোপানোর মূলহোতা যুবলীগ কর্মী সাইফ গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর উত্তরায় মেহেবুল-ইপ্তি দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় মূলহোতা ও কিশোর গ্যাংয়ের প্রধান মেহেদী হাসান সাইফসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ব্যবহৃত দুটি রামদাও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন—মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব। পুলিশ জানায়, বুধবার সকালে উত্তরা ৯ নম্বর সেক্টরের পাশের তুরাগ নদী থেকে সাইফ ও সজিবকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফ ও সজিব আপন দুই ভাই। আব্দুল্লাহপুর খানবাড়িতে ভাড়া থাকলেও তাদের চলাফেরা ছিল বেপরোয়া। এলাকাবাসীর ভাষ্য, ছোটবেলা থেকেই তারা উগ্র স্বভাবের ছিল। সাইফ যুবলীগের কর্মী এবং স্থানীয় নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী। পাশাপাশি, তার একটি কিশোর গ্যাং রয়েছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে দম্পতিকে কোপানোর নেতৃত্ব দেয় সাইফ। তার সঙ্গে রামদা হাতে ছিল আলফাজ ওরফে শিশির। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তুরাগ নদীতে ধারাল অস্ত্রগুলো ফেলে দিয়েছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রামদা উদ্ধার করা হয়। একইসঙ্গে, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সাইফ ও সজিবকে গাজীপুরের টঙ্গী-কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। আদালত ইতোমধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে পাঠিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরে বিকট শব্দে বাইক চালানো ও রিকশাযাত্রীদের মারধরের প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা মেহেবুল হাসান ও নাসরিন আকতার ইপ্তিকে রামদা দিয়ে কোপায়। এরপর তারা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন, যার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

an adbox will go here