‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৫৮৩ জন
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকার পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫৩২ জনকে সরাসরি অভিযানে এবং বাকি ১,১৫১ জনকে বিভিন্ন মামলা ও অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার বিকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের কিরিচ ও একটি জং ধরা ছুরি উদ্ধার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৬,৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধী রয়েছে।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়, যা এখনো চলমান।