অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল: প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল: প্রধান উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে অনেক বেশি দুঃসাহসী।” তিনি আরও বলেন, তরুণরা নতুন বাংলাদেশ তৈরি করতে চায় এবং একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস তরুণ প্রজন্মের ব্যাপারে বলেন, “তারা নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় এবং এর জন্য প্রস্তুত। ছেলেরা যেমন প্রস্তুত, তেমনি মেয়েরাও প্রস্তুত। তারা পুরোনো, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। তাদের লক্ষ্য হবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা এবং জীবনের সকল দিকের সুযোগ-সুবিধা প্রদান করা।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর অস্তিত্ব ক্ষতিগ্রস্ত না করে, বিশ্বের প্রতিটি প্রাণীকে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার অধিকার দেওয়া।”

ড. মুহাম্মদ ইউনূস একুশে পদকপ্রাপ্তদের উদাহরণ দিয়ে বলেন, “যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন, তাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। জাতি আপনারা অনুপ্রাণিত হয়ে একটি নতুন যুগের সূচনা করবে।”

তিনি ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানকেও উল্লেখ করে বলেন, “এই আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আমরা স্মরণ করছি বাহান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যারা সাহসী ভূমিকা রেখেছেন, তাদের সকলকে।”

এছাড়া, তিনি একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর তাৎপর্য স্মরণ করে বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক এবং স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। আজকের এই দিনে তরুণদের স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত হোক এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাক।”

তিনি একুশে পদক প্রাপ্তদেরকে অভিনন্দন জানিয়ে তাদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

an adbox will go here