প্রযুক্তির সঙ্গে ভাষার প্রাধান্য বাড়ে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর অনেক দেশে একজন নাগরিক একাধিক ভাষায় কথা বলেন। তাই ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে—এমন ধারণা ঠিক নয়।
শুক্রবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজ মানি প্রদান করা হয়।
ড. ইউনূস বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন শুরু হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।
তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ভাষার গুরুত্বও বাড়ে। যে দেশ প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, তার ভাষাও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাবে। যেকোনো একটি খাতে নেতৃত্ব দিতে পারলে, সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং তার ভাষারও প্রভাব বিস্তার করে।