মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টার বক্তব্য: ভাষার গুরুত্ব ও সুরক্ষার আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, ‘যেসব শহরে মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি, সেখানে শহরের মেয়র এবং সিটি কাউন্সিল সদস্যরা সহজেই নির্বাচিত হন এবং তারা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে পারেন। শহরের নাগরিকদের মধ্যে ভাষাগত কোনো বিভেদ সৃষ্টি হয় না, কারণ নতুন ভাষা শিখলেও পুরোনো ভাষায় দুর্বল হয়ে পড়ার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকরা একাধিক ভাষায় সাবলীলভাবে কথা বলেন, এবং এটি একটি সাধারণ ঘটনা। শৈশব থেকেই তারা একাধিক ভাষায় অভ্যস্ত হয়ে ওঠে, এবং স্কুলে অন্তত একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়।’
বিশ্বের বিভিন্ন ভাষার প্রতি আগ্রহের বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘যখন স্পুটনিক মহাকাশে উড়ল, রাশিয়ান ভাষা শেখার জন্য পৃথিবীজুড়ে আগ্রহ তৈরি হলো, এবং যখন চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার প্রবণতা দেখা গেল। জাতি যখন এগিয়ে যায়, তখন তার ভাষার প্রতি মানুষের আগ্রহও বৃদ্ধি পায়।’
তিনি বলেন, ‘ভাষার সম্মান বাড়ে যখন জাতি এগিয়ে যায়। যদি একটি জাতির কাছ থেকে পৃথিবী কোনো কিছু না নেয়, তবে তার ভাষার প্রতি আগ্রহও কম থাকবে।’
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আজ মাতৃভাষা দিবসে আমরা সকল মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের জানা নেই কোন অজ্ঞাত মাতৃভাষা পৃথিবী বদলে দিতে পারে। সেই জন্যই মাতৃভাষার সুরক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।