রমজান ও গরমে লোডশেডিং হবে না: বিদ্যুৎ উপদেষ্টা - দিগন্ত জার্নাল

রমজান ও গরমে লোডশেডিং হবে না: বিদ্যুৎ উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন রমজান ও গরমের সময় দেশে কোনো লোডশেডিং হবে না। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।”

তিনি আরও বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। আইএমএফের চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বিদ্যুৎ খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৮.৯০ টাকা দিলেও সরকার কিনছে ১২ টাকায়।”

নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে যারা নতুন গ্যাস লাইন চাইবে, তাদের বাড়তি দাম দিতে হবে। কারণ সরকার ৭০ টাকায় গ্যাস কিনে কম দামে সরবরাহ করছে।

an adbox will go here