নতুন প্রজন্ম পোল্ট্রি ভাতে বাঙালি: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
দিগন্ত জার্নাল ডেস্ক:
নতুন প্রজন্মের মধ্যে মাছে ভাতে বাঙালি না হয়ে পোল্ট্রি ভাতে বাঙালি হওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিসারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তরুণদের মাছ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে জানান, ডিম আর মাংস ছাড়া অনেক সময় তারা খাবার পছন্দ করে না, কিন্তু আমাদের তাদের ছোট মাছ খাওয়াতে হবে।
তিনি আরও বলেন, “মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, মাছের কাটার ভয় কাটিয়ে তাদের খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে।” উপদেষ্টা মৎস্য খাতকে শিল্প বানানোর বিষয়ে সতর্ক করে বলেন, এর মূল চরিত্র নষ্ট হবে। তিনি বলেন, “মৎস্য খাতকে শিল্প বানালে আন্তর্জাতিকভাবে ক্ষতিকারক দিকগুলোর প্রভাব পড়বে।”
এছাড়া, পানি দূষণ এবং জলাশয় ভরাটের কারণে মাছ উৎপাদন ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেন ফরিদা আখতার। তিনি সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জলাশয়ের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান। ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী সভাপতিত্ব করেন এবং বিজম্যান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য দেন।