১৭ বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন - দিগন্ত জার্নাল

১৭ বছরের অব্যবস্থাপনা ১৫ মাসে দূর করা সম্ভব না: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

নোয়াখালী, ২২ ফেব্রুয়ারি ২০২৫: নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের অব্যবস্থাপনা ও অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কিছু সমস্যা মোকাবিলা করছি এবং এটি ঠিক করতে আমাদের আরও কিছু সময় প্রয়োজন। রাষ্ট্রের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ভাঙচুর করা হয়েছে, একে আবার দাঁড় করাতে একটু সময় তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়।”

শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা শুনেন। উপদেষ্টা জানান, নিঝুমদ্বীপ দেশের পর্যটনে বড় ভূমিকা রাখতে পারে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

এছাড়া, উপদেষ্টা আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “রমজানে খেজুর, ছোলা এবং অন্যান্য দ্রব্যাদি বিভিন্ন দেশ থেকে আসছে। তবে দেশের ব্যবসায়ীরা মনে করেন, রমজান হলো হরিলুটের সময়। তারা সিন্ডিকেট তৈরি করে। আমরা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি।”

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্ল্যাহ আল ফারুক, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, হাতিয়া থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

an adbox will go here