সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আজ সোমবার সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন।’
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ঢাকাকে অগ্রাধিকার দিয়ে যৌথ প্যাট্রোল কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ প্যাট্রোল শুরু হবে। পুরো ঢাকায় চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষকে আশ্বস্ত করতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে ৫৩ বছরে কোনো গণমাধ্যম লেখেনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। এখনো কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি।’
‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযান দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পরিচালিত হচ্ছে। এছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি জানান, ‘যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সে কাজ করছে।’
সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।