পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজের সংশ্লিষ্টতা নিয়ে ইলিয়াস হোসাইনের নতুন চ্যালেঞ্জ
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার বিষয়ে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সোহেল তাজ যথাযথ প্রমাণ হাজিরের চ্যালেঞ্জ ছুড়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসাইন নতুন একটি প্রমাণ হাজির করতে সোহেল তাজকে তার অ্যারাইভাল ভিসা দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন।
ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, ‘‘সোহেল তাজকে নিয়ে কালকে আমি একটা পোস্ট দেয়ার পর থেকে স্যারের গায়ে জ্বর চলে আসছে। ঘন্টায়-ঘন্টায় ফেইসবুক পোস্ট, সাংবাদিক ডেকে বক্তব্য দেয়াসহ নানা কিছু করে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন উনি পিলখানার ঘটনার সাথে জ’ড়িত না। সোহেল তাজ চ্যালেঞ্জ জানিয়েছে, প্রমাণ করতে পারলে নাকে খ’ত দিবে। কিন্তু স্যার, প্রমাণ করতে পারলে নাকে খত্ না, সোজা লাল ঘর।’’
তিনি সোহেল তাজকে চ্যালেঞ্জ করে বলেন, ‘‘আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন, সেই দেশের অ্যারাইভাল প্রমাণ দেখান। ঢাকা বিমানবন্দরে ডিপার্চার সিল নিলেই প্রমাণ হয় না আপনি বিদেশ গিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন সেই প্রমাণ এই খাতায় আছে।’’
এছাড়া ইলিয়াস হোসাইন সোহেল তাজকে সতর্ক করে বলেন, ‘‘আপনি বেশি উত্তেজিত না হয়ে পাসপোর্ট নিয়ে রেডি হন, শীঘ্রই কমিশনের ডাক পাবেন। আপাতত আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন।’’