আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ উদ্যোগ, গঠন হচ্ছে যৌথবাহিনী
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনা হবে। গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নৌবাহিনী ও কোস্টগার্ডের অতিরিক্ত টহল বাড়ানো হবে। পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সেনাবাহিনীর ব্রিগেড প্রধানসহ দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পর গণমাধ্যমকে ব্রিফ করবেন। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের জন্য নতুন মোটরসাইকেল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে, যাতে দ্রুত টহল দিয়ে অপরাধ দমন করা যায়।
ছিনতাইকারী ও ডাকাতদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে সম্মিলিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় টহল জোরদার করা হবে। ৫০০ এপিবিএন সদস্যকে ডিএমপিতে যুক্ত করে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।