নাহিদের পদত্যাগ, আসিফ-মাহফুজ কী করবেন?
দিগন্ত জার্নাল ডেস্ক:
নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা, তা এখনও অনিশ্চিত।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাংবাদিকদের নাহিদ বলেন, “বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি পূরণে অন্য দুজন উপদেষ্টা মনে করছেন, সরকারে তাদের এখনও দায়িত্ব রয়েছে। তারা সরকারে থেকেই জনগণকে সার্ভ করবেন। তবে রাজনীতি করার প্রয়োজন বোধ করলে তখন হয়ত সরকার ছেড়ে দেবেন।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার শক্তিকে সংহত করতে আমি মনে করেছি, সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি প্রয়োজন। তাই পদত্যাগ করেছি।”
নাহিদ জানান, নতুন রাজনৈতিক শক্তিতে যুক্ত হওয়ার অভিপ্রায় রয়েছে তার, যাতে গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়।