উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “গত ৮ আগস্ট উপদেষ্টা পরিষদে শপথ নেওয়ার পর থেকে নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। তবে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে থাকা উচিত বলে মনে করছি। তাই দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি।”
গত কয়েকদিন ধরেই তার পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাই তার পদত্যাগের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে, যেখানে নাহিদ ইসলাম নেতৃত্ব দেবেন এবং আকতার হোসেন সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।