নতুন দলের অভিষেকের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি নতুন সেল গঠন - দিগন্ত জার্নাল

নতুন দলের অভিষেকের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি নতুন সেল গঠন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের রাজনীতিতে নতুন এক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরও দুটি নতুন সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন সেল দুটি হলো ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এ দুটি সেল গঠন করা হয়েছে।

২০ সদস্যবিশিষ্ট ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক করা হয়েছে মো. মেহেরাব হোসেন সিফাতকে। অন্যদিকে, ১০ সদস্যবিশিষ্ট ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়েজউল্লাহ।

আগামী ২৮ ফেব্রুয়ারির নতুন রাজনৈতিক দলের অভিষেকের আগে এ ধরনের সাংগঠনিক সম্প্রসারণ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

an adbox will go here