স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানালেন - দিগন্ত জার্নাল

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানালেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে আরও বেশি সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোলোড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জনগণকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।” তিনি আরও জানান, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবল কিছু দিনের মধ্যেই বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, “পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি অস্বীকার করব না যে, ঘটনা ঘটছে না, কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে আমরা লোকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। যারা এসব অপরাধ করছে, তারা আমাদেরই পোলাপান, তাদের বুঝাতে হবে যেন অপকর্ম থেকে সরে আসে।”

কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার কৃষি জমি রক্ষায় ‘কৃষি জমি সুরক্ষা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “ইটভাটায় কৃষি জমির টপ সয়েল নিয়ে কৃষি জমি নষ্ট করা হচ্ছে। এটি যদি হতে থাকে, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। কৃষি জমি রক্ষায় আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এবং টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ।

an adbox will go here