জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরপরই দলটির সদস্য সচিব আখতার হোসেন সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে।
দলটির নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। তাঁর ঘোষণার পরেই বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আপনারা দোয়া করবেন, বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন।” তিনি আরও বলেন, “তরুণরা স্বপ্ন দেখে আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন নিয়ে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।”
এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য, লক্ষ্য এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা তুলে ধরেন তিনি।
বিকাল সোয়া ৪টার দিকে অনুষ্ঠিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে, জুলাই-আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।
এর আগে, মিছিল নিয়ে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে যোগ দেয়। কানায় কানায় পূর্ণ হয় মানিক মিয়া অ্যাভিনিউ।
এভাবে তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাঁদের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছে, যেখানে একটি নতুন সংবিধান প্রণয়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা তাদের মূল লক্ষ্য।