জাতীয় স্মৃতিসৌধে এনসিপির শ্রদ্ধা নিবেদন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল হিসেবে প্রতিষ্ঠার পর এটিই তাদের প্রথম কর্মসূচি।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় এনসিপির নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, “সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় এনসিপি কাজ করবে।” সদস্যসচিব আখতার হোসেন বলেন, “দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।”
শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপি নেতারা রায়েরবাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহিদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারতের পরিকল্পনা করেছেন। দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪ সালের অভ্যুত্থানে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।