নতুন সংবিধান ও শাসন কাঠামো ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: এনসিপি আহ্বায়ক
দিগন্ত জার্নাল ডেস্ক:
পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।”
তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধন নেওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে কাজ চলছে এবং দলটির গঠনতন্ত্র প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।