আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া,দ্রুতই ফিরবেন দেশে - দিগন্ত জার্নাল

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া,দ্রুতই ফিরবেন দেশে

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, “তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা বলা যাবে না, তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকটা ভালো আছেন। খুব শিগগিরই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।”

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।

an adbox will go here