নগরবাসীর নিরাপত্তায় মাঠে বিজিবি, বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা - দিগন্ত জার্নাল

নগরবাসীর নিরাপত্তায় মাঠে বিজিবি, বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে নেমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে “অপারেশন ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে রাজধানীতে বিজিবির তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয় এবং টহল জোরদার করা হয়। পাশাপাশি নগরীর নিরাপত্তা আরও শক্তিশালী করতে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে বিজিবি। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজধানীকে নিরাপদ রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “আমরা সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আমাদের কার্যক্রম চলবে।”

এদিকে, পুলিশের সদস্যরাও বিজিবির সঙ্গে মাঠে কাজ করছেন। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, “পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসার লক্ষ্যেই কাজ করছি।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হবে। যৌথ উদ্যোগের মাধ্যমে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশাবাদী।

an adbox will go here