২৯ মিলিয়ন ডলার অর্থায়নের বক্তব্য অসত্য বলছে অন্তর্বর্তী সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির মাধ্যমে ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের যে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটিকে অসত্য বলছে অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো আশঙ্কা দেখছে না সরকার।
মঙ্গলবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “আমার মনে হয় না এটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট শুধু কথাটি বলেছেন, কোনো বিস্তারিত দেননি বা প্রশ্নের জবাবও দেননি। আমরাও যাচাই করে দেখেছি, আসলে এ ধরনের কোনো অর্থায়ন হয়নি। তাই এ নিয়ে সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই।”
সাধারণত এ ধরনের মন্তব্যের পর সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে কেন ডাকা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমি এটাকে উসকানিমূলক বক্তব্য মনে করি না। প্রেসিডেন্ট কেবল একটি সাধারণ মন্তব্য করেছেন, যা স্পষ্ট নয়। তিনি বাংলাদেশের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি সম্পর্কে কিছু বলেননি। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়ার প্রয়োজন নেই।”
ট্রাম্পের বক্তব্য অসত্য বলে সরকার যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা কতটা সঠিক ছিল—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যেহেতু আমরা এ ধরনের কোনো কিছু খুঁজে পাইনি, তাই এটি ঠিক নয় বলাই স্বাভাবিক।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট হলো, বাংলাদেশ সরকার বিষয়টিকে গুরুতর বিবেচনা না করে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার দিকেই মনোযোগ দিচ্ছে।