রাজপথে পরীক্ষিত সহযোদ্ধারাই প্রকৃত সংগঠক: ফাহিম খান পাঠান
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজপথের আন্দোলনে প্রকৃত সহযোদ্ধারা শেষ পর্যন্ত টিকে থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান। তিনি বলেন, “যত বেশি হাঁটবেন, ততই বেঈমান ও বিশ্বাসঘাতকদের চিনতে পারবেন। সময়ের সঙ্গে অনেকেই সরে যাবেন, কিন্তু যারা শেষ পর্যন্ত পাশে থাকবেন, তারাই প্রকৃত সহযোদ্ধা।”
বুধবার (৫ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফাহিম খান পাঠান লিখেছেন, “ভাল-মন্দ উভয় সময়েরই প্রয়োজন আছে। রাজপথে হাঁটতে হাঁটতে অনেকেই হারিয়ে যাবেন, আবার নতুনরা আসবেন। মিছিল বড় হবে, আবার ফাঁকা হবে। কিন্তু শেষ পর্যন্ত কিছু নির্লোভ ভাই-বোন থেকেই যাবে, যারা সত্যিকারের সংগ্রামী। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ।”
তার এ বক্তব্য নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজপথের দীর্ঘ আন্দোলনে বারবার সহযোদ্ধা পরিবর্তন হওয়া বাস্তবতা তুলে ধরেছেন তিনি।