বিদ্যুৎ সংকট মোকাবিলায় সাশ্রয়ী নীতির ঘোষণা, বিশেষজ্ঞদের সংশয়
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিদ্যুৎ সংকটের তীব্রতা কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাড়িতে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালানোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ সাশ্রয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সংকটের মূল কারণ অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও জ্বালানি ঘাটতি। বর্তমানে ৩১ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও এর অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। গ্যাসের দৈনিক চাহিদা ৪ হাজার মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ মাত্র ২৮০০ মিলিয়ন, যার প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, গ্রীষ্মের তীব্রতা বাড়লে সংকট আরও বাড়তে পারে। সরকার জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে ৩৫টি নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আমদানি বাড়ানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।