পদ্মা সেতু প্রকল্পসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে দুর্নীতি, ২৩ জনের বিরুদ্ধে মামলা - দিগন্ত জার্নাল

পদ্মা সেতু প্রকল্পসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে দুর্নীতি, ২৩ জনের বিরুদ্ধে মামলা

দিগন্ত জার্নাল ডেস্ক:

পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাসজমি ও অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে।

এতে তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা ও বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক প্রমথ রঞ্জন ঘটকসহ ২ জন সার্ভেয়ারকে আসামি করা হয়েছে। দুদকের মামলার তথ্য অনুযায়ী, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ ৫টি এলএ কেসে সরকারি খাস, ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকানাধীন সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণের ক্ষতিপূরণ বিল তুলে নেওয়া হয়। ২৩টি চেকের বিপরীতে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে দুদক তদন্তে সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রমথ রঞ্জন ঘটক, সার্ভেয়ার মো. রাসেল আহম্মেদ ও মো. নাসির উদ্দিনসহ স্থানীয় চক্রের ২০ জনকে। মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো. আতিকুর রহমান জানিয়েছেন, ২০২২ সালে এই ঘটনার অনুসন্ধান শুরু হয় এবং প্রমাণ সংগ্রহের পর বুধবার মামলা রুজু করা হয়েছে। এখন আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করা হবে।

an adbox will go here