বিপিএলে পাওনা টাকা না পাওয়ার অভিযোগ শহিদ আফ্রিদির - দিগন্ত জার্নাল

বিপিএলে পাওনা টাকা না পাওয়ার অভিযোগ শহিদ আফ্রিদির

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিপিএল শেষ হয়েছে মাস পেরিয়ে গেলেও বিতর্ক থামেনি। এবার চিটাগং কিংসের মেন্টর হিসেবে কাজ করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। এ নিয়ে বিসিবিপ্রধান ফারুক আহমেদকে চিঠি দিয়েছেন তিনি। তবে কাজ না হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছেও চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

বিসিবিপ্রধান ফারুক আহমেদ আফ্রিদির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও টাকা পরিশোধে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তিনি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির শুভেচ্ছাদূতদের (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না, ফলে তাদের কিছু করার নেই। লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর তিনি এসব কথা বলেন।

আফ্রিদির অভিযোগ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নেওয়া হবে, সেটা পুরোপুরি ফ্র্যাঞ্চাইজির ব্যাপার।” তবে তিনি জানিয়েছেন, আফ্রিদির পাওনা পরিশোধে চিটাগং কিংসের মালিককে অনুরোধ করা হবে, যদিও এ বিষয়ে বিসিবির কোনো আইনি ভূমিকা নেই।

গত ২ মার্চ পাকিস্তানের একটি অনলাইন পোর্টালে আফ্রিদি দাবি করেন, “আমার সঙ্গে ১ লাখ ডলারের চুক্তি হয়েছিল। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলাকালীন বাকি ৫০ হাজার। কিন্তু আমাকে মাত্র ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করলেও টাকা পাইনি। সামিরের (চিটাগং কিংসের এক কর্মকর্তা) আচরণে হতবাক হয়েছি। এমন কিছু আশা করিনি।”

বিসিবিপ্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক থাকবে বোর্ড এবং আগামী বছর বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে পরিবর্তন আনা হবে।

an adbox will go here