নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস প্রয়োজন হতে পারে
দিগন্ত জার্নাল ডেস্ক :
সরকার নতুন যে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা বলছে, তা বাস্তবায়নে বিশেষ বিসিএসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি মনে করছে, আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক সৃষ্টি হতে পারে, তাই নতুন বিসিএসের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করাই যুক্তিযুক্ত।
পিএসসির এক উচ্চপর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকার যে নতুন চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করেছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষ বিসিএস নেওয়া যেতে পারে। আগের বিসিএসগুলো বেশ পুরোনো হওয়ায় সেখান থেকে নিয়োগ দিলে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
তবে সরকার ইতোমধ্যে জানিয়েছে, সরকারি কর্ম কমিশনের চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।