ফেব্রুয়ারিতে ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৮, আহত ১৩২৭ জন
দিগন্ত জার্নাল ডেস্ক :
গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৫৯৬টি সড়ক দুর্ঘটনায় ৫৭৮ জন নিহত এবং ১৩২৭ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে ২৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৩৯.২৭ শতাংশ। এছাড়া ২টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত, ১৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান শনিবার দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেন, ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে উল্লেখ করা হয়—মোটরসাইকেল চালক ও আরোহী ২২৭ জন, বাসের যাত্রী ৩৩ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-ড্রাম ট্রাক আরোহী ৫৬ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২২ জন, থ্রি-হুইলার যাত্রী ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২০ জন, বাইসাইকেল-রিকশা আরোহী ১৪ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি উল্লেখ করা হয়।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে—চালকদের দক্ষতা বৃদ্ধি, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্টকরণ, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, এবং ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা। এছাড়া মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে আলাদা সার্ভিস রোড নির্মাণ, রোড ডিভাইডার স্থাপন, গণপরিবহণে চাঁদাবাজি বন্ধ করা, রেল ও নৌপথ সংস্কারসহ সড়ক পরিবহণ আইন-২০১৮ বাস্তবায়ন করতে হবে।