মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ
দিগন্ত জার্নাল ডেস্ক:
মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকাল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ছাত্র-নাগরিক ঐক্যের ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী, গৃহিণী, দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শুধু মাগুরার ঘটনাই নয়, সারাদেশে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মিছিলটি মোহাম্মদপুর রিং রোডসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া মোহাম্মদপুরের বাসিন্দা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হাসান সুমন বলেন, *“আমরা দেখেছি কিভাবে মাগুরায় একটি আট বছর বয়সি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। সে শিশুটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গত কয়েকদিনে সারা দেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যা আমাদের সমাজকে ভয়াবহ এক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীরা জামিনে মুক্ত হয়ে আরও ভয়ংকর হয়ে ওঠে। তাই সরকারের উচিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
আরেক শিক্ষার্থী তাসির বলেন, *“প্রতিনিয়ত ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা আমাদের সমাজকে এক ভয়াবহ ট্রমার মধ্যে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আমরা চাই, ধর্ষকদের গ্রেফতারের পর কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে।
গৃহিণী সুমাইয়া জাহান বলেন, *“আমরা চাই নারীরা নিরাপদে জীবনযাপন করুক। কিন্তু এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত আমাদের আতঙ্কে থাকতে হয়। শুধু বাইরে নয়, ঘরেও আমরা নিরাপদ নই। তাই প্রতিটি ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে অন্যরা এমন অপরাধ করতে ভয় পায়।
বিক্ষোভকারীরা বলেন, শুধু মাগুরার ঘটনায় নয়, সারা দেশে যেসব ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলোরও দ্রুত বিচার করতে হবে। তারা সরকারের কাছে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে নারীরা নিরাপদে বসবাস করতে পারেন।