মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুর অভিযুক্ত চারজন গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুর অভিযুক্ত চারজন গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির বড় বোনের অভিযোগ অনুযায়ী, তার স্বামী সজিব হোসেন এবং শ্বশুর হিটু শেখ এ ঘটনায় জড়িত। তিনি জানান, তার স্বামী দরজা খুলে দিয়ে নিজ বাবাকে ঘরে ঢুকতে সহায়তা করে। এ ছাড়া, তিনি নিজেও অতীতে শ্বশুরের নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে শিশুটির ভগ্নীপতি সজিব হোসেন, তার ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

an adbox will go here