উত্তরায় বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের জমিয়ত ও যুব জমিয়তে যোগদান
দিগন্ত জার্নাল ডেস্ক :
রাজধানীর বৃহত্তর উত্তরায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও যুব জমিয়তে আনুষ্ঠানিকভাবে অর্ধশতাধিক আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন। শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় জামিয়াতুল মানহাল আল-কওমিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে জমিয়তের শীর্ষ নেতা মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর হাতে সদস্য ফরম পূরণ করে তারা দলে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি নবাগত সদস্যদের সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নতুন সদস্যরা সংগঠনের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, তুরাগ থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শফী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।