নেত্রকোনা-৩ আসনের এমপি পিন্টুসহ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, তার স্ত্রী ইসমত আরা মিনু, দুই কন্যা সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (তারিখ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের আবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় স্বার্থ ও মানিলন্ডারিং প্রতিরোধে এই অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা বিদেশ পালানোর চেষ্টা করছেন, যা অনুসন্ধানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।