চিকিৎসার নতুন গন্তব্য চীন: প্রথমবারের মতো ১৪ বাংলাদেশি রোগী রওয়ানা - দিগন্ত জার্নাল

চিকিৎসার নতুন গন্তব্য চীন: প্রথমবারের মতো ১৪ বাংলাদেশি রোগী রওয়ানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

চিকিৎসার জন্য এতদিন বাংলাদেশিদের প্রধান গন্তব্য ছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারতীয় ভিসা পেতে জটিলতার মুখে পড়ছেন অনেকেই। এ পরিস্থিতিতে বিকল্প হিসাবে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে চীন। সোমবার প্রথমবারের মতো ১৪ জন বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য চীনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

এ উপলক্ষে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। সেখানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশি রোগীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। আমরা চাই, তারা উন্নত চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। এজন্য চীনে চিকিৎসার সুবিধা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশি রোগীদের জন্য আমরা ভিসা প্রক্রিয়া সহজ করেছি এবং চীনা এয়ারলাইন্সও বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে।”

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, “চীনে বাংলাদেশের রোগীদের চিকিৎসা নেওয়ার সুযোগ নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়। চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে, ফলে জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।”

সোমবার চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ১৪ জন রোগী, ৬ জন পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ জন এইচইউসি প্রতিনিধি এবং সাংবাদিকরা।

প্রতিনিধিদলের সদস্য ড. রাশেদুল হাসান বলেন, “চীন ট্রান্সপ্লান্ট ও ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসায় অত্যন্ত উন্নত। তবে অনেক বাংলাদেশি এখনো এসব সুযোগ সম্পর্কে সচেতন নন।”

চিকিৎসার জন্য চীনে যাওয়া সংগীতশিল্পী হায়দার আলী বলেন, “আমি বহু জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কাজ হয়নি। শুনেছি চীনে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়। আশা করছি, এবার ভালো ফল পাবো।”

আইনজীবী রাকিনুল হাকিম বলেন, “চিকিৎসার জন্য সাধারণত থাইল্যান্ডকে বিকল্প ভাবা হতো। তবে এবার চীনে যাচ্ছি। যদি সন্তুষ্ট হই, তাহলে অনেক বাংলাদেশিই এই সুযোগ নেবেন।”

গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঘোষণা দিয়েছিলেন, ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি রোগীদের প্রথম দল চীনের উদ্দেশ্যে রওয়ানা দিলো।

an adbox will go here