বিচার ও সংস্কারের রোডম্যাপ চান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “রাজনৈতিক দলগুলোকে বলছি, বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বরং এর প্রতি ঐকমত্য গড়ে তুলুন, আমরা আপনাদের নির্বাচন করার সুযোগ করে দেব।”
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় তা বাস্তবায়ন হবে, সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছি, তাদের কাছে কড়ায় গন্ডায় জবাব নেব— আমাদের সংস্কার কতটা আদায় হলো? রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়ো করে, তবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”
এনসিপির আহ্বায়ক জানান, জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে দ্রুতই রাজপথে নামবে এনসিপি।