হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার সন্ধান
দিগন্ত জার্নাল ডেস্ক :
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টিকারী আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের জব্দ হওয়া ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এছাড়া ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে তাদের বিপুল সম্পদ পাওয়ার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বলা হয়, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য ২০০ আইনি সংস্থার সঙ্গে আলোচনা চলছে এবং ৩০টি সংস্থার সঙ্গে চুক্তি করা হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠিত হবে অ্যাসেট রিকভারি এজেন্সি।
বিএফআইইউ জানায়, ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া ৬৩৫ কোটি ১৪ লাখ টাকার পাশাপাশি ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের জমি ও ফ্ল্যাটও অবরুদ্ধ করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একটি বিশেষ আইন প্রণয়ন করবে।’ তিনি জানান, কিছু উদাহরণে দেখা গেছে, শিক্ষার্থীদের টিউশন ফি হিসাবে ৪০০-৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে, যা অর্থ পাচারের চিত্র তুলে ধরছে।
এছাড়া, ১১টি কোম্পানি ও ব্যক্তি নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মধ্যে প্রথমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রয়েছেন। এই টাস্কফোর্স দ্রুত অর্থ ফেরত আনার চেষ্টা করছে।