গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ - দিগন্ত জার্নাল

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দিগন্ত জার্নাল ডেস্ক :


গাজীপুরের টঙ্গীতে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে সেনাবাহিনীর উদ্যোগে বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি মাসে শ্রমিকদের বেতন ২৫ তারিখের মধ্যে পরিশোধ করা হয়, তবে মার্চ মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। এই কারণে সোমবার বিকালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন এবং বাড়ি ফিরে যান।

মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবি জানান।

এদিকে, মহাসড়ক অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং রাস্তাটি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। পরে সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এবং বেলা ১১টার দিকে তারা রাস্তা ছাড়ে।’

an adbox will go here