বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ৪২ মাদরাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকারি বাহিনী ও আওয়ামী সমর্থিত গোষ্ঠীর হামলায় শহিদ হওয়া ৪২ মাদরাসা শিক্ষার্থী ও আলেমের তালিকা প্রকাশ করেছে সিএসএস ফাউন্ডেশন। সোমবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘ অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে প্রতিটি শহিদের নাম, স্থায়ী ঠিকানা ও প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ১৪টি আবশ্যিক তথ্য ও ৫টি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে যাচাইকরণ প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় কিছু শহিদের নাম এখনো যুক্ত করা সম্ভব হয়নি, যা পরবর্তী সংস্করণে প্রকাশ করা হবে।
গবেষণাকর্মটি পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন আলেম সাংবাদিক মিরাজ রহমান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর। এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার গবেষক যুবাইর ইসহাক ও তার সহকর্মীরা তথ্য যাচাই ও সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সিএসএস ফাউন্ডেশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেম-উলামাদের ওপর নির্যাতনের সঠিক নথি সংরক্ষিত না থাকায় ইতিহাস বিকৃতির সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালের আন্দোলনের শহিদদের তালিকা সংকলনের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলছে। গবেষণার অন্যতম সমন্বয়ক সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, “আমরা বিশ্বাস করি, এই তালিকা ভবিষ্যতে ইতিহাস সংরক্ষণ, গণহত্যার স্বীকৃতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিএসএস ফাউন্ডেশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।