থানায় বিএনপি নেতাকে ধরে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ ছাত্রদল নেতা - দিগন্ত জার্নাল

থানায় বিএনপি নেতাকে ধরে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ ছাত্রদল নেতা

দিগন্ত জার্নাল ডেস্ক:

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহণে চাঁদাবাজি নিয়ে বিএনপির একপক্ষ আরেক পক্ষের লোকদের মারধর করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলার পর সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান আসামি করা হয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনসহ তার লোকজনকে।

মামলা হওয়ার পরও পুলিশ মামুনকে গ্রেফতার করেনি, যা নিয়ে ক্ষুব্ধ হন আব্দুর রহমান। সোমবার রাতে মামুন থানায় আসার খবর পেয়ে ছাত্রদল নেতা আব্দুর রহমান তার লোকজন নিয়ে থানায় পৌঁছান। মামুনকে দেখে পালানোর চেষ্টা করলে, আব্দুর রহমান ও তার অনুসারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর মামুনকে মারধর করে ওসির রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আরও মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে অর্ধশতাধিক লোক থানার গেটের কাছে চিল্লাচিল্লি করতে থাকে এবং এক ব্যক্তিকে মারধর করতে থাকে। এতে থানায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও তার সহযোগীরা সাইনবোর্ড এলাকায় পরিবহণে চাঁদাবাজি, মাদক কারবার এবং অন্যান্য অপকর্মে যুক্ত ছিল। এ কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, যা দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রদল নেতা আব্দুর রহমান বলেন, ‘মামুন পরিবহণে চাঁদাবাজি, মাদক কারবার ও অন্যান্য অপকর্ম করে সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে আমাদের ওপর হামলা চালায়।’

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ আসামিদের চিনে না, তবে মামুনকে আমরা গ্রেফতার করেছি। মারধরের বিষয়টি জানি না, তবে আমার সামনে কেউ তাকে মারধর করেনি।’

an adbox will go here