ডেসটিনি ইভেলির মত এমএলএম থেকে সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক:
পিরামিড বা পঞ্জি স্কিম ও এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশে কিছু প্রতিষ্ঠান বিগত সময়ে বিধিবহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটিয়েছে, যেমন- যুবক, ডেসটিনি ইত্যাদি। এছাড়া, ই-কমার্সের মাধ্যমে অস্বাভাবিক মূল্যছাড়/ডিসকাউন্টে পণ্য বিক্রি করে জনগণকে প্রতারণা করা হয়েছে, যেমন- ইভ্যালি।
সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন দেওয়ার পিরামিড বা পঞ্জি স্কিমের বৈশিষ্ট্য এবং এর ফলে গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে। এসব ব্যবসায় লাভ থেকে মুনাফা না দিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের টাকা দিয়ে অন্যদের মুনাফা দেওয়া হয়। এটি মানিলন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, বর্তমানে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড অনুসন্ধান করা হচ্ছে। গ্রাহক স্বার্থ সুরক্ষা ও সতর্কতা হিসেবে জনগণকে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া, এ ধরনের কোনো প্রতিষ্ঠানের বিষয়ে জানলে তা অবহিত করার জন্য জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।