নেত্রকোনায় গরু চুরির ঘটনায় পাহারাদারকে হত্যা, তিনজন গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় গরু চুরির ঘটনায় পাহারাদারকে হত্যা, তিনজন গ্রেপ্তার

সৈয়দ মাকসুদুল হক:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর খামারের পাহারাদার মো. জয়নাল মিয়াকে (৬৫) হত্যা করে সাতটি গরু লুটে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এই তথ্য জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান, সরকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম, দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (পূর্ব) সাইদুর রহমান ও ওসি (পশ্চিম) আরমান আলীসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত আসামিরা:
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাশ্রম রামবাড়ি গ্রামে শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), শুকনাকুড়ি রামবাড়ি এলাকার মহর আলীর ছেলে আবদুল মান্নান (৪২), এবং একই গ্রামের আবদুল কাদেরের ছেলে আবদুল আউয়াল (৩২)।

ঘটনার বিবরণ:
নিহত জয়নাল মিয়া দুর্গাপুর উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি দুই মাস ধরে স্থানীয় হাবিবুল্লাহর গরুর খামারে পাহারাদার হিসেবে কাজ করছিলেন। গত বুধবার রাতে হেলাল নামের একজন পাহারাদার দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান এবং পরদিন সকালে ফিরে এসে জয়নালের মৃতদেহ খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান।

মামলা ও গ্রেপ্তার:
ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন। মামলায় আটজন অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ সোমবার সকালে দোলন মিয়াকে গ্রেপ্তার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আবদুল মান্নান ও আবদুল আউয়ালকেও গ্রেপ্তার করে।

an adbox will go here