প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট ও কোচিং নিষিদ্ধ
দিগন্ত জার্নাল প্রতিবেদক:
সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানো নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার (১১ মার্চ) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছুটির পর এবং বন্ধের দিনে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, যা অনভিপ্রেত।
এতে আরও বলা হয়, বিদ্যালয়ের কক্ষ কোনোভাবেই প্রাইভেট পড়ানো বা কোচিং পরিচালনার জন্য ব্যবহার করা যাবে না। আদেশ লঙ্ঘিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।