শাহবাগিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা: সাদিক কায়েম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “জীবন দিয়ে হলেও শাহবাগিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ।”
এর আগে তিনি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগে, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন, “দেশবিরোধী শক্তি শাহবাগকে ব্যবহার করে বিভাজনের সুযোগ নিচ্ছে।”
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ধর্ষণবিরোধী পদযাত্রায় ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হতে চাইলে সংঘর্ষ বাধে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।